ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১২১ জন আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ মার্চ) আমাজনীয় প্রদেশ পুতুমায়োর পুয়ের্তো লেগুইজামোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩৪ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। এলাকাটি পেরু এবং ইকুয়েডর সীমান্তের কাছে অবস্থিত।
প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটিতে ১১০ জন সৈন্য এবং ১১ জন ক্রু ছিলেন। বিমানটি সৈন্যদের পুতুমায়ো প্রদেশের অন্য একটি শহরে নিয়ে যাচ্ছিল। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমান থেকে কালো ধোঁয়া উড়ছে এবং স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলে করে আহত সৈন্যদের উদ্ধার করছেন।
কলম্বিয়ার বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানান, বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল এবং সেটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। আহতদের রাজধানী বোগোটা এবং অন্যান্য হাসপাতালে স্থানান্তরের জন্য বিশেষ চিকিৎসার সুবিধাসম্পন্ন দুটি বিমান পাঠানো হয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামরিক বাহিনীর সরঞ্জাম আধুনিকীকরণের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসব উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি ও প্রয়োজনে পদ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী সানচেজ এই দুর্ঘটনাকে দেশের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ