সাবেক সাংসদ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

সাবেক সাংসদ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। মাসুদের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের এক-এগারোর পট পরিবর্তনের সময় অত্যন্ত প্রভাবশালী ও আলোচিত কর্মকর্তা ছিলেন। তৎকালীন সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০১১ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এই সাবেক সেনা কর্মকর্তা। প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন