ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ সচিবালয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। এদিন সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি।
বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেন তিনি। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং সবশেষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আমেজ ভাগাভাগি করে নিচ্ছেন। পুরো সচিবালয় জুড়ে এখন বিরাজ করছে উৎসবমুখর কাজের পরিবেশ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ