তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

বরিশাল প্রতিনিধি: প্রথমবারের মতো আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। দুপুরে নগরের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আজ সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষ নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। কেউ কেউ মাথায় নানা রঙের ক্যাপ পরেছেন। মঞ্চের সামনে বসার জায়গা দখল করতে সকাল থেকেই অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন যুবদলের নেতা মিজানুর রহমান সকাল ৯টার দিকে জনসভাস্থলে পৌঁছান। তিনি বলেন, ঢাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে আগেও সেখানে গিয়েছিলেন তারা। এবার বরিশালের জনসভায় ৪০ জন নেতাকর্মী নিয়ে এসেছেন। তাঁদের সংসদ সদস্য প্রার্থীও একাধিক গাড়িবহর নিয়ে সভাস্থলে যোগ দেবেন বলে জানান তিনি।

বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি প্রার্থীরা এই জনসভায় অংশ নেবেন। বিভাগের ২১টি সংসদীয় আসনের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরও সমাবেশে থাকবেন। ভোলা-১ আসন থেকে পার্থ এবং পটুয়াখালী-৩ আসন থেকে নূর বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রধান অতিথি তারেক রহমান মঞ্চ থেকে প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই জনসভায় ছয় জেলার হাজার হাজার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। মানুষের দুর্ভোগ কমাতে জনসভাটি শহরের এক প্রান্তে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দুপুর ১২টার দিকে তারেক রহমান জনসভায় যোগ দেবেন। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের বসার জন্য মঞ্চের পাশে আলাদা জায়গা রাখা হয়েছে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ শেষে মঞ্চে উঠবেন তিনি।

জনসভাস্থল পরিদর্শনের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং জবাবদিহিমূলক সংসদ ও নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে তারেক রহমানকে ঘিরে আবেগ ও ভালোবাসা রয়েছে।

তিনি আরও জানান, জনসভায় মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়নি। যারা আসছেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসছেন। বরিশালবাসীর বিভিন্ন দাবি লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরে বিএনপির দলীয় প্রার্থীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দমিছিল ও প্রচারণা চালিয়েছেন।

অন্যদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। জনসভাস্থলে পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জনসমাবেশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আসা-যাওয়ার সব পথ পুলিশের নজরদারিতে থাকবে। পাশাপাশি আলাদা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালের জনসভা শেষে হেলিকপ্টারে করে ফরিদপুর যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে দুপুরের পর আরেকটি জনসভায় তিনি বক্তব্য দেবেন এবং প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন