মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা এবং দুস্থ, গরিব ও অসহায় জনগণের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে এই অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অনুদান বিতরণ করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান বর্তমান সরকারের মানবিক সহায়তার একটি অন্যতম উদাহরণ। সরকারের এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম সমাজের হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি সমাজের বিত্তবানদেরও ঈদে গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী এবং জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম প্রমুখ।
অনতিবিলম্বে বণ্টনকৃত এই অনুদান বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান পেয়ে আসন্ন ঈদের আগে দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এআইএল/সকালবেলা