গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর, মিলনমেলায় মুখর হবে প্রিয় বিদ্যাপীঠ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর, মিলনমেলায় মুখর হবে প্রিয় বিদ্যাপীঠ

লোগো

অনলাইন ডেস্ক: দেখতে দেখতে কেটে গেছে গৌরবময় ৫০টি বছর। সুদীর্ঘ এই পথচলায় যে প্রতিষ্ঠানটি আলো ছড়িয়েছে হাজারো প্রাণে, সেই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রাঙ্গণে এবার বসছে স্মৃতি ও মেলবন্ধনের মহা-উৎসব। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অন্যতম শীর্ষ দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ মে (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব।

মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে এই উৎসবকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ সময় পর পুরোনো বন্ধুদের ফিরে পাওয়া এবং শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত আঙিনায় হারিয়ে যাওয়ার ব্যাকুলতায় মুখর সবাই। ইতিমধ্যেই ১ হাজারেরও বেশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এই পুনর্মিলনী উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

আগামী ২৯ মে সকাল ৯টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরবোজ্জ্বল এই আয়োজনকে অলঙ্কৃত করবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব নাজমুন্নাহার নীলু এমপি, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মুন মুন জাহান লিজা এবং কলমাকান্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান।

বিশেষভাবে উল্লেখ্য, এই মাদ্রাসারই সাবেক কৃতি শিক্ষার্থী— গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মো. হাবীবুল্লাহ (জুয়েল) এবং জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার (কাস্টমস) জনাব মো. মিজানুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাদের এই গৌরবময় উপস্থিতি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে বাড়তি অনুপ্রেরণা জোগাবে। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা কামাল ও জনাব এনামূল হক তালুকদার।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ৫০ বছরের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা আকর্ষণীয় কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, ব্যাপক আবেগঘন স্মৃতিচারণ সভা, কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাদ্রাসার সাবেক ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সম্মাননা। এছাড়া দিনশেষে থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়াতে অনন্য ভূমিকা রেখে চলেছে কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এই সুবর্ণজয়ন্তী কেবল একটি উৎসব নয়, বরং এটি প্রতিষ্ঠানের গৌরবময় অতীতকে শ্রদ্ধা জানানোর এবং ভবিষ্যৎ পথচলাকে আরও বেগবান করার এক অনন্য প্রয়াস। সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করছেন মাদ্রাসা সংশ্লিষ্ট ও এলাকাবাসী।

মন্তব্য করুন