চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা বুধবার

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা বুধবার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাদ্রা দরবার শরিফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরিফে ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এরপর সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। প্রতিবছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি এই ঈদের জামাতগুলোতে অংশ নেবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রথম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। এরপর থেকে তাঁর অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই দিনে ঈদ উদযাপন করে আসছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কিছু অংশসহ প্রায় অর্ধশত গ্রামে কাল ঈদের আনন্দ উৎসব আমেজে উদযাপিত হবে।

মন্তব্য করুন