আলীকদমের ম্রো পাড়ায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
আলীকদমের ম্রো পাড়ায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম রেংয়ক ম্রো পাড়ায় দ্বিতীয়বারের মতো বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (২৫ মে) আলীকদম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যৌথ সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমে দুর্গম পাহাড়ের অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির প্রতিনিধি রাজীব ম্রো, মেনথক ম্রো, রাংতৈমা ত্রিপুরা, বদিউর রহমান রুস্তম, মো. আরিফ বিল্লাহ এবং গ্রীচন্দ্র ত্রিপুরা প্রমুখ।

ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ, শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। সেই সাথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্থানীয় বাসিন্দাদের রোগ প্রতিরোধে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এতে সার্বিক সহযোগিতা করেন লাংরী পাড়ার যুবক-যুবতী কমিটির সদস্যরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেডিকেল ক্যাম্পে মোট ৪৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে নতুন ও পুরাতন মিলিয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২১ জন। এর আগে প্রথম মেডিকেল ক্যাম্পের পর গুরুতর অবস্থার কারণে ৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পূর্বে আক্রান্ত ৬ জন ডায়রিয়া রোগী বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনজুর বলম বলেন, “দুর্গম এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিক। রেংয়ক পাড়ায় চলমান স্বাস্থ্যঝুঁকি ও ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, “ডায়রিয়া প্রতিরোধে বনের অনিরাপদ পানি বর্জন করে বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। আমরা আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করছি। বর্তমানে এলাকার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, আলীকদম উপজেলার আহ্বায়ক নূরুল আজিম বলেন, “শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় এমন মানবিক কার্যক্রমে পাশে থাকার চেষ্টা করি।” তিনি দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষককে ধন্যবাদ জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন