সাতক্ষীরা গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক হাসান

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরা গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক হাসান

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (সুপার ফাইভ) পদে নির্বাচিত হয়েছেন তরুণ রাজনৈতিক ও সামাজিক সংগঠক হাসানুর রহমান হাসান। দলের অফিশিয়াল প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর) ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই কমিটির অনুমোদন দিয়েছেন।

গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসানুর রহমান হাসান কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হাসানুর রহমান হাসান ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সাতক্ষীরার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখসারিতে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন এবং কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

কমিটিতে স্থান পাওয়ার পর তিনি বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, তার প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ। জয় হোক ন্যায়, অধিকার ও জনগণের।”

রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও মানবিক কার্যক্রমেও হাসানুর রহমান হাসানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি বর্তমানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘আনন্দ টেলিভিশন’ এবং ‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মানবিক সংগঠন মাসিক “ভালো কাজ” গ্রুপের প্রধান অ্যাডমিন হিসেবে যুক্ত আছেন।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের বাসিন্দা মো. মোসলেম সরদারের ছোট ছেলে হাসানুর রহমান হাসান সাতক্ষীরা সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান) বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বকে কাজে লাগিয়ে নবনির্বাচিত এই নেতা সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন