কয়রায় নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
কয়রায় নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা): খুলনার কয়রায় কোরবানির পশুর হাটে যাওয়ার পথে গরুবোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের ৭ বছর বয়সী শিশু সন্তানসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার বাগালী জেআইবি ক্লাব মাঠের গরুর হাটে যাওয়ার পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুজ্জামানের ছেলে। তাঁর বাবা মাওলানা শামসুজ্জামান আমাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে মিজানুর রহমান নিজের বাড়ি থেকে একটি নছিমনে কোরবানির গরু বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে বাগালী জেআইবি ক্লাব মাঠের হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নছিমনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে নছিমনে থাকা গরুর নিচে চাপা পড়ে ও গুরুতর আঘাত পেয়ে মিজানুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।

নছিমনটি উল্টে যাওয়ার সময় গাড়িটিতে থাকা মিজানুর রহমানের ৭ বছরের ছেলে আবদুল্লাহসহ আরও ৩ আরোহী মারাত্মক জখম হন। আহত অন্য ব্যক্তিরা হলেন— একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০)।

দুর্ঘটনার পর পরই আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্স) ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই কয়রার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন