শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী

অনলাইন ডেস্ক: সৎসাহস থাকলে অপরাধ স্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি তাঁর স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। তাঁর যদি সৎসাহস থাকত, তবে নিজের অপরাধ স্বীকার করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতেন।’

দেশের বর্তমান পরিস্থিতি ও ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে রিজভী বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ অত্যন্ত স্বস্তিতে ও শান্তিতে ঈদ যাপন করতে পারছে। অতীতে ঈদে বাড়ি ফেরার পথে মানুষের মাঝে যে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কা কাজ করত, এবার তা নেই। সড়কে ও মহাসড়কে চাঁদাবাজি এবং অরাজকতা মোকাবিলায় বর্তমান সরকার অত্যন্ত তৎপর। ফলে এবার ঈদযাত্রায় সাধারণ মানুষকে তেমন কোনো যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ঈদকে কেন্দ্র করে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে।

বর্তমান সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। আগামী দিনেও জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দল ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন