মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে বাগেরহাটের হাট-বাজারে ব্যাপক হারে বেড়েছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মসলা চুইঝালের চাহিদা। কোরবানির পশুর মাংস রান্নায় বাড়তি স্বাদ, ঝাঁজ ও অতুলনীয় ঘ্রাণ আনতে এই অঞ্চলের মানুষের কাছে চুইঝাল অত্যন্ত জনপ্রিয়। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, বাজারে এর কেনাবেচা বাড়ার পাশাপাশি দামও বেশ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
সাধারণ সময়ে জেলার বিভিন্ন বাজারে আকার ও মানভেদে প্রতি কেজি চুইঝাল ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হলেও ঈদের বাজারে তা এখন ৬০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে জেলার ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাট ও সদর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে চুইঝালের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ফকিরহাট বাজারের চুইঝাল ব্যবসায়ী মামুন শেখ বলেন, “প্রতি বছরের মতো এবারও কোরবানি ঈদ সামনে রেখে চুইঝালের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তবে চাহিদার তুলনায় স্থানীয়ভাবে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। বর্তমানে ভালো মানের চুইঝাল ৮০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।” তিনি আরও জানান, শুধু স্থানীয়রাই নন, খুলনা, পিরোজপুর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখানে চুইঝাল কিনতে আসছেন।
পিরোজপুর থেকে আসা পাইকারি ব্যবসায়ী শফিক শেখ বলেন, “আমি গোপালগঞ্জ পৌর মার্কেটে চুইঝালের ব্যবসা করি। বাগেরহাটের চুইঝালের স্বাদ ও মান অন্য জেলার চেয়ে অনেক ভালো হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। তাই ফকিরহাট বাজার থেকে পাইকারি দামে চুইঝাল সংগ্রহ করতে এসেছি।”
বাগেরহাটের স্থানীয় ক্রেতা আহসানুল হক ও সাতক্ষীরা থেকে আসা রবিউল ইসলাম জানান, কোরবানির ঈদে গরুর মাংস রান্নায় চুইঝাল না হলে তাঁদের চলেই না। এটি মাংসের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেয়।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন চুইঝালের উপকারিতা উল্লেখ করে জানান, “চুইঝাল কেবল রান্নার স্বাদই বাড়ায় না, এটি একটি দারুণ ঔষধিগুণসম্পন্ন মসলা। এটি মানুষের হজমশক্তি বাড়ানো, পেটের গ্যাসের সমস্যা কমানো ও রুচি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বাগেরহাট জেলায় মোট ৩২ হেক্টর জমিতে চুইঝালের বাণিজ্যিক আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় ৬৮ মেট্রিক টন চুইঝাল উৎপাদন হয়েছে। এই অঞ্চলের চাষিদের মাঝে চুইঝাল চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত উন্নত জাতের চারা বিতরণ ও প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে।
এআইএল/সকালবেলা