কুরবানির পশুর পা ভেঙে গেলে কি কুরবানি শুদ্ধ হবে? জানুন ইসলামের বিধান

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
কুরবানির পশুর পা ভেঙে গেলে কি কুরবানি শুদ্ধ হবে? জানুন ইসলামের বিধান

অনলাইন ডেস্ক: আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। এই ঈদে সামর্থ্যবান মুসলিমদের ওপর হালাল পশু কুরবানি করা ওয়াজিব। ইতোমধ্যে পশুর হাটগুলো থেকে গরু-ছাগল কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। তবে হাট থেকে পশু কিনে বাড়ি আনার সময় বা ধস্তাধস্তির কারণে অনেক সময় পশুর পা ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে থাকে। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, পশু ল্যাংড়া হলে এবং জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম হলে তা দিয়ে কুরবানি শুদ্ধ হয় না। কিন্তু পা ভেঙে যাওয়ার পর কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হলে কুরবানির বিষয়ে ইসলামি গবেষকদের সুনির্দিষ্ট মতামত রয়েছে।

  • কুরবানি শুদ্ধ হবে: হাট থেকে আনার সময় পশুর পা ভেঙে যাওয়ার পর ওই পশুটি যদি এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং ভাঙা পা মাটিতে লাগিয়ে চলতে পারে—তাহলে উক্ত পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে। এমনকি পশুটি যদি ভাঙা পায়ে পূর্ণ ভর দিতে নাও পারে, তবুও কুরবানি হয়ে যাবে।

  • কুরবানি শুদ্ধ হবে না: পশুটি যদি ভাঙা পা মাটিতে একেবারেই ফেলতে না পারে এবং মাত্র তিন পায়ের ওপর ভর দিয়ে চলে, অর্থাৎ আক্রান্ত পা মাটি থেকে উঠিয়ে রাখে—তবে সেই পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে না।

  • মাটিতে শোয়ানোর সময় ভাঙলে: কুরবানির জন্য পশুকে মাটিতে শোয়ানোর সময় ধস্তাধস্তির কারণে যদি পা ভেঙে যায়, তবে সেই পশু দিয়ে কুরবানি করা সম্পূর্ণ শুদ্ধ হবে। এতে কুরবানির কোনো ক্ষতি হবে না।

ইসলামি গবেষকরা সতর্ক করে বলেন, কুরবানির পশুকে কখনোই অহেতুক কষ্ট দেওয়া যাবে না। যথেষ্ট পরিমাণ মানুষ মিলে অত্যন্ত সতর্কতার সঙ্গে পশুকে মাটিতে শোয়াতে হবে এবং ধারালো ছুরি দিয়ে দ্রুত জবাই সম্পন্ন করতে হবে।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিঃসন্দেহে আল্লাহ সব জিনিস উত্তম পদ্ধতিতে করার বিধান দিয়েছেন। সুতরাং যখন তুমি জবাই করবে, তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে। জবাইয়ের বস্তু ভালোভাবে ধার দিয়ে নেবে আর পশুটিকে স্বাভাবিকভাবে প্রাণ বের হওয়ার সুযোগ দেবে।” (সহিহ্ মুসলিম: ১৯৫৫)

মন্তব্য করুন