পাহাড়ি ঢলে কমলগঞ্জের দুইটি গ্রাম প্লাবিত

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
পাহাড়ি ঢলে কমলগঞ্জের দুইটি গ্রাম প্লাবিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এলাকায় বাঁধ ভাঙার এই ঘটনা ঘটে। এতে আকস্মিক বন্যার মুখে পড়েছেন দুই গ্রামের শত শত মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিনের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের তীব্র চাপে খালের বাঁধটি টিকতে না পেরে ভেঙে যায়। বাঁধ ভাঙার পর তীব্র গতিতে ঢলের পানি আশপাশের লোকালয়ে প্রবেশ করতে শুরু করে।

আকস্মিক এই প্লাবনে ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। ঢলের পানির তীব্র স্রোতে ছনগাঁও-ভানুবিল সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় সড়কে পানি উঠে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন ও ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা বা প্রস্তুতি ছাড়া হঠাৎ করেই ঢলের পানি বসতবাড়ির আঙিনায় ও ঘরে ঢুকে পড়ায় তাঁরা চরম বিপাকে পড়েছেন। সকাল থেকে অনেক পরিবারের মানুষকে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।

উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আকস্মিক পাহাড়ি ঢলে দুই গ্রামের অন্তত ৭০ থেকে ৮০টি ঘরবাড়ির আঙিনা সম্পূর্ণ তলিয়ে গেছে। গ্রামীণ বেশ কিছু সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সার্বিক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, “স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্লাবিত এলাকার তথ্য আমরা পেয়েছি। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জন্য দ্রুত প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন