‘কিচেন কেবিনেট’ ও যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
‘কিচেন কেবিনেট’ ও যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের দাবি করা অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিতে নিজের সংশ্লিষ্টতা সম্পূর্ণ অস্বীকার করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন দাবি করেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় একটি ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল এবং প্রতি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এর বৈঠক হতো। তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ওঠে— কারা ছিলেন এই কিচেন কেবিনেটের সদস্য? সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এর আঙুল ওঠে ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। তিনি জোরালো দাবি করেন, তিনি কোনো ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বহুল আলোচিত বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, এই চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে আগে কোনো আলোচনা করা হয়নি। আসিফ মাহমুদের দাবি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এই দায় চাপাচ্ছেন। মূলত এই চুক্তি বিএনপি নেতা তারেক রহমান করিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, ‘এই চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে এখন বিএনপি করুক, চাইলে তারা এটি বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অনেক দেশই চুক্তি বাতিল করেছে, এতে দোষের কিছু নেই।’

মন্তব্য করুন