মরিয়ম বেগম। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাসা থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে।
নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার বাসিন্দা মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালামের স্ত্রী। তিনি স্থানীয় বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রীদের গৃহশিক্ষকতা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে মরিয়ম বেগম ওই এলাকার রুবেল নামের এক ব্যক্তির বাড়িতে তাঁর মেয়েকে পড়াতে যান। বেলা সাড়ে ১১টার দিকে স্বামীর সাথে শেষ ফোনালাপে দ্রুত বাড়ি ফেরার কথা বললেও তিনি আর ফেরেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুলিশ রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই মরিয়ম বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত পরিবারের এক নারীর বিরুদ্ধে এর আগেও মানুষকে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগ ছিল।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, উদ্ধারকৃত মরদেহের মাথা ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং কানের দুল টেনে ছিঁড়ে নেওয়ার স্পষ্ট আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ সুমি, রুবেল ও দীপক নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে হেফাজতে নিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।