পুঠিয়ায় সাধুর আস্তানায় গৃহবধূ ধর্ষণের শিকার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
পুঠিয়ায় সাধুর আস্তানায় গৃহবধূ ধর্ষণের শিকার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কথিত সাধু বাবার আস্তানায় নিজের স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় এক গৃহবধূকে (৩৫) হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। 

গতকাল সোমবার (১৮ মে) দুপুরে এ ন্যাক্কারজনক ঘটনায় রাজশাহীর বেলপুকুর থানায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন—কথিত সাধু হামিদ ফকির (৬৭) ও ভুক্তভোগী নারীর দ্বিতীয় স্বামী। দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত সাধু হামিদ ফকিরের বাড়ি পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামে। নিজের বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে তথাকথিত আধ্যাত্মিক চিকিৎসার নামে একটি আস্তানা গড়ে তুলেছেন তিনি, যেখানে বিভিন্ন এলাকা থেকে অন্ধভক্তদের নিয়মিত আনাগোনা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে তাঁর বর্তমান স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। সম্প্রতি কেনাকাটার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করে স্বামী তাঁকে কৌশলে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে আস্তানার একটি গোপন কক্ষে ঢোকানোর পর স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় ওই নারীর হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর অসহায় অবস্থায় মুখে কাপড় গুঁজে দিয়ে হামিদ ফকির তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন।

নৃশংস এই ঘটনার পর স্বামী ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান এবং বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার জন্য অবরুদ্ধ করে রাখেন। কয়েক দিন ধরে পাশবিক নির্যাতনের ট্রমা সহ্য করার পর, ওই নারী কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গিয়ে চিকিৎসা নেন। শারীরিক ও মানসিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর গতকাল সোমবার সরাসরি থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগটি সুনির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই কথিত সাধু হামিদ ফকির ও ভুক্তভোগীর স্বামী পলাতক রয়েছেন। অপরাধীদের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক চৌকস টিম মাঠে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন