র‍্যাব আগের মতো থাকছে না: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
র‍্যাব আগের মতো থাকছে না: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আর আগের কাঠামোতে থাকছে না। এমনকি এই বিশেষ বাহিনীর নামও সম্ভবত পালটে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, অতীতে র‍্যাব বিলুপ্তির যে দাবি উঠেছিল, সেই প্রেক্ষিতে এক অর্থে বাহিনীটি আর আগের মতো থাকছে না। গতকাল সোমবার র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই ঘোষণা দিয়েছেন যে, র‍্যাবের জন্য সম্পূর্ণ নতুন একটি আইন তৈরি করা হচ্ছে এবং এটি নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। সেই নতুন আইনি কাঠামোর অধীনেই বাহিনীর নাম পরিবর্তনের বিষয়টি অপশন হিসেবে রাখা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও উল্লেখ করেন, রাষ্ট্রে অপরাধ দমনে একটি এলিট ফোর্স থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেটি র‍্যাব নামে বা ভিন্ন যে নামেই হোক না কেন, তার পেছনে বিস্তারিত ও সুনির্দিষ্ট আইনি বাধ্যবাধকতা থাকবে। মানবাধিকারকে সর্বোচ্চ সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার ফোর্স গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন