শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ নোমান সরকার। সে স্থানীয় ঘোড়াঘাট বাগেরহাট দারুস সুন্নাহ কওমি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
আজ মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নোমান সরকারের এই অনন্য সাফল্যে গোটা এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১২ বছর বয়সী ‘ঘ’ গ্রুপে (অনূর্ধ্ব ১০ পারা) অসাধারণ ও নিখুঁত নৈপুণ্য প্রদর্শন করে সে এই সম্মাননা ও প্রথম স্থান অর্জন করে। কৃতি হাফেজ মোহাম্মদ নোমান সরকার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আল আমিন সরকারের ছেলে।
তার এই গৌরবময় অর্জনে আজ মঙ্গলবার দুপুরে দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কৃতি ছাত্র নোমান সরকারকে ফুলের মালা এবং বিশেষ সংবর্ধনা স্মারক দিয়ে বরণ করে নেন মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নোমানের এই বিরল কৃতিত্বের ভূয়সী প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামীতেও যেন সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেই দোয়া করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে কৃতি ছাত্র নোমান সরকার জানায়, "আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমার এই অনন্য সাফল্যের পেছনে ওস্তাদদের অক্লান্ত মেহনত, পিতা-মাতার দোয়া এবং মাদ্রাসার সকল সহপাঠীদের ভালোবাসা ও অনুপ্রেরণা রয়েছে। আমি যেন দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।"
এ.আই.এল/সকালবেলা