আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: বাসচালকে মারধর ও কাউন্টার ভাঙচুরের চেষ্টার জেরে নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দূরপাল্লার সব রুটের দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে ও ব্যারিকেড দিয়ে এই ধর্মঘট ও অবরোধ শুরু করেন শ্রমিকরা।
আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি দূরপাল্লার বাস নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির চালক (ড্রাইভার) সব যাত্রী নামিয়ে দিয়ে গাড়িটি টার্মিনালে ঘোরানোর সময় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা কয়েকজন উশৃঙ্খল যুবক কোনো কারণ ছাড়াই চালকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। পরবর্তীতে চালক ও সহকারী বাসটি নিয়ে কাউন্টারে চলে আসলে ওই যুবকেরা দলবল নিয়ে কাউন্টারে হানা দেয় এবং ব্যাপক ভাঙচুরের চেষ্টা চালায়। এই অনাকাঙ্ক্ষিত মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায় দূর-দূরান্তের যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে চরম বিপাকে পড়েছেন। গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সামনে পবিত্র ঈদুল আজহা। ঈদের জন্য বাড়ি যাব বলে একটু আগেভাগেই অফিস থেকে ছুটি নিয়েছিলাম। কিন্তু স্ট্যান্ডে এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমাঝেই সাধারণ শ্রমিকেরা তুচ্ছ ঘটনায় এমন ধর্মঘট দিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলে।’ মুনিরা আক্তার নামে ঢাকা অভিমুখী আরেক নারী যাত্রী বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাবো। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো খুব দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফ ও চালককে রাতে কে বা কাহারা মারধর করেছে। এই অন্যায় মারধরের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন সাধারণ শ্রমিকরা। পুরো ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি এবং প্রশাসনের সাথে কথা বলছি।’
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বাস চালককে মারধরের ঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। বর্তমানে বাস চলাচল পুনরায় স্বাভাবিক করতে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও প্রশাসনের যৌথ বৈঠক চলছে। শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে রাতেই অপরাধীদের গ্রেফতার করা হবে। আশা করছি দ্রুতই দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হবে।’
এ.আই.এল/সকালবেলা