‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

বিনোদন ডেস্ক: অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অবশেষে বাতিল করা হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এই সিদ্ধান্তের ফলে সিনেমাটির মুক্তির পথ আপাতত বন্ধ হয়ে গেল।

বিএফডিসি সূত্রে জানা গেছে, সিনেমাটি প্রথমে কোনো আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। তবে অভিনেত্রী জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে, শুটিংয়ের সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

শুধু জেবা জান্নাতই নন, এই প্রজেক্টের আরেক গুরুত্বপূর্ণ শিল্পী চিত্রনায়িকা মৌসুমীও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, প্রজেক্টটি স্বল্পদৈর্ঘ্য নাটক হিসেবেই শুরু হয়েছিল। মাঝপথে প্রকল্পের ধরন পরিবর্তন করে বড় পর্দায় আনার চেষ্টা করা মোটেও কাম্য নয়।

হাসান জাহাঙ্গীর পরিচালিত ও অভিনীত এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী। বর্তমান বিতর্ক ও সেন্সর বাতিল হওয়ার কারণে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তি এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন