আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরের পবা থানাধীন বড়গাছী এলাকা থেকে নওগাঁর আত্রাই থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (১৩ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে র্যাব-৫-এর নাটোর ও রাজশাহী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে নওগাঁর আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের যৌথ দল রাজশাহীর পবা এলাকায় অভিযান চালিয়ে সেই মামলার ভিকটিম মোছাঃ মরিয়ম আলম (১৭)-কে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কিশোরী নওগাঁ জেলার আত্রাই থানার ব্রজপুর গ্রামের মোঃ মুঞ্জুরুল আলমের মেয়ে।
র্যাব-৫ অফিস সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের এই ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
এ.আই.এল/সকালবেলা