বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর গুজব। বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে এই ভিত্তিহীন খবর ছড়াতে থাকলে ভক্ত ও অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তাঁর পরিবার।
কারিনা কায়সারের বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, কারিনা বর্তমানে ভারতের চেন্নাইয়ের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, “মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে এ ধরনের গুজব ছড়ানো বা ব্যবসা করা ঠিক নয়। আমাদের পরিবার এমনিতেই তাঁর স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত, এ সময় সবার মানসিক সাপোর্ট প্রয়োজন।”
কায়সার হামিদ আরও জানান, কারিনার ফুসফুসের সংক্রমণ এখন কিছুটা নিয়ন্ত্রণে এবং ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে লিভারের জটিলতা এখনও কাটেনি। লিভার ট্রান্সপ্ল্যান্টের (প্রতিস্থাপন) প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল তাঁর দুই ভাইয়ের কিছু টেস্ট করা হয়েছে, যার রিপোর্ট ৪৮ ঘণ্টা পর পাওয়া যাবে।
লিভারজনিত গুরুতর সমস্যায় গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে সংক্রমণ এবং পরে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতা দেখা দেয়। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউ এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটকেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও ভক্তরা।