নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ২৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আজ (শুক্রবার) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউন হলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুরগির বাজারে উত্তাপ ছড়াচ্ছে সোনালি ও দেশি মুরগিও।
ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৭৫ টাকায় বিক্রি হলেও আজ তা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিতে ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়। দেশি মুরগি সরবরাহ সংকটের কারণে দেশি মুরগির দাম আকাশছোঁয়া। ক্রেতাকে প্রতি কেজির জন্য ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ডিম গত সপ্তাহে ১২০ টাকা ডজন থাকলেও আজ তা ১৫০ টাকায় ঠেকেছে। তবে আকার ও প্রকারভেদে বড় সাইজের ব্রয়লার ডিম ১৬০ টাকা এবং সাদা ডিম ১৪০ টাকা ডজন দরেও বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় এবং বিয়ের মৌসুম চলায় বৃহস্পতিবার ও শুক্রবার মুরগির চাহিদা অনেক বেড়ে যায়। ফলে পাইকারি বাজারেই দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।