নোবিপ্রবিতে অডিটোরিয়াম ফি নির্ধারণে শিক্ষার্থীদের সমালোচনা

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
নোবিপ্রবিতে অডিটোরিয়াম ফি নির্ধারণে শিক্ষার্থীদের সমালোচনা

আতিকুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম ব্যবহারে নতুন করে ফি নির্ধারণের সিদ্ধান্তকে ঘিরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে তীব্র সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। অডিটোরিয়ামটির আধুনিকায়ন কাজ শেষ হওয়ার পরপরই ৬৭তম রিজেন্ট বোর্ডের সভায় এই ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অডিটোরিয়ামটি দিনে দুইটি স্লটে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য প্রতি স্লটের ভাড়া ৩ হাজার টাকা এবং দুই স্লটের জন্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বহিঃস্থ প্রতিষ্ঠানের জন্য এক স্লটে ১০ হাজার ও দুই স্লটে ১৫ হাজার টাকা ভাড়া ধার্য করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল কর্মকাণ্ডের ওপর এমন ফি নির্ধারণ বাণিজ্যিকীকরণের শামিল, যা শিক্ষার্থীদের ওপর আর্থিক বোঝা তৈরি করবে।

নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে আলাদা টিএসসি না থাকায় এই অডিটোরিয়ামই ক্লাব ও বিভাগীয় আয়োজনের একমাত্র ভরসা, সেখানে ফি নির্ধারণ করা আয়োজনগুলোকে কঠিন করে তুলবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, আধুনিকায়নের উদ্যোগ ভালো হলেও শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত কাম্য নয়।

ফি নির্ধারণের বিষয়ে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক জানান, অডিটোরিয়ামের যথাযথ রক্ষণাবেক্ষণ ও অপব্যবহার রোধ নিশ্চিত করতেই এই নামমাত্র ফি ধার্য করা হয়েছে। তবে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন