নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম কিছুটা কম ছিল। অন্যদিকে, ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা।
বাণিজ্য মন্ত্রী জানান, গরুর চামড়ার পাশাপাশি ছাগল ও বকরির চামড়ার দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়ার দাম ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চামড়া শিল্পে শৃঙ্খলা বজায় রাখতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে এই দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামে চামড়া কেনাবেচা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে বলেও জানান মন্ত্রী।