নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা কার্যক্রমে কোথায় কী ত্রুটি ছিল তা খতিয়ে দেখার আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হামের টিকা নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের টিকা নিয়ে কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি।” তিনি আরও যোগ করেন, হামের সংক্রমণ পরিস্থিতি অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো হয়ে দাঁড়িয়েছে, তবে সরকার এই সংকট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
মন্ত্রী জানান, দেশের বেশিরভাগ জেলাতেই ইতোমধ্যে টিকাদান কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে। তবে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার পর সংকটের পেছনে যদি কারো অবহেলা বা দায়বদ্ধতা পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
হামের টিকার পাশাপাশি পোলিওসহ অন্যান্য জীবনরক্ষাকারী টিকার সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।