রংপুর আইন কলেজে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
রংপুর আইন কলেজে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর আইন কলেজে এক মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীকে কেন্দ্র করে উত্তেজনা ও অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. সাজেদ হোসেন তাতা। তবে অধ্যক্ষের কক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগটি তিনি সঠিক নয় বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ক্লাস চলাকালে মুনতাসির মামুন নীরব নামের এক শিক্ষার্থী হঠাৎ সহপাঠীদের ভিডিও ধারণ শুরু করেন। একপর্যায়ে তিনি হাজিরা শিট নিয়ে কলেজ থেকে বের হয়ে পাশের আবাসিক এলাকায় গিয়ে স্থানীয়দের ভিডিও করেন এবং তাঁদের ধর্মীয় পরিচয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে তাঁকে ধাওয়া করলে তিনি পুনরায় কলেজে ফিরে আসেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় প্রায় ২০ জন বহিরাগত কলেজে প্রবেশ করে মব সৃষ্টি করে। অভিযোগ উঠেছে, বহিরাগতরা অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং ওই শিক্ষার্থীকে মারধর করে। শিক্ষার্থীরা তাঁর মানসিক সমস্যার কথা জানালেও উত্তেজিত জনতা তা আমলে নেয়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন