গাইবান্ধায় কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
গাইবান্ধায় কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৫০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে একই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হলো। 

মঙ্গলবার (১২ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আফরোজা বেগম সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ী ও ছাপড়হাটী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি বেওয়ারিশ কুকুর শিশু ও নারীসহ অন্তত ১৩ জনকে কামড়ে আহত করে। ওই সময় আফরোজা বেগমও আক্রান্ত হন। তিনি জলাতঙ্ক প্রতিরোধী ‘র‌্যাবিস ভ্যাকসিন’-এর সম্পূর্ণ কোর্স সম্পন্ন করা সত্ত্বেও কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই কুকুরের কামড়ে আহতদের মধ্যে এর আগে আরও তিনজনের মৃত্যু হয়েছে: কঞ্চিবাড়ী গ্রামের নন্দ রানী (৫৫) ও ফুলু মিয়া মারা যান। চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রি রতনেশ্বর কুমারের মৃত্যু হয়। সর্বশেষ আফরোজা বেগমের মৃত্যুর মাধ্যমে এই সংখ্যা চারে দাঁড়াল।

নিহত ও আহতদের স্বজনদের অভিযোগ, ঘটনার সময় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন ছিল না। ফলে সাধারণ মানুষকে ফার্মেসি ও বেসরকারি ক্লিনিক থেকে চড়া দামে ভ্যাকসিন কিনতে হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বেওয়ারিশ কুকুরের উপদ্রব বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন