আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফকে দেশের সাইবারস্পেসের বিশেষ সদরদপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। বুধবার (১৩ মে) এক বিশেষ নির্দেশনার মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়।
পেজেশকিয়ানের জারি করা নির্দেশনায় সাইবারস্পেসে একটি ‘সমন্বিত শাসনব্যবস্থা’ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সাইবার জগত নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ‘ভিন্নমুখী বক্তব্য’ বন্ধ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে যাতে কোনো ‘সমান্তরাল কার্যক্রম’ বা কাজের দ্বৈততা না থাকে, তা নিশ্চিত করতে হবে। মূলত ডিজিটাল নিরাপত্তা ও প্রশাসনের নিয়ন্ত্রণ একক কাঠামোর আওতায় আনতেই ভাইস প্রেসিডেন্টকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এই নিয়োগটি এমন এক স্পর্শকাতর সময়ে এলো যখন ইরানে ইন্টারনেট ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার ওপর চরম বিধিনিষেধ চলছে। আজ ইরানে ব্যাপক ইন্টারনেট বিঘ্ন ও ডিজিটাল অবরোধের ৭৫তম দিন। উল্লেখ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানি সরকার আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে দেশটির সাধারণ নাগরিকরা যেমন ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে আছেন, তেমনি ইরানের বাইরে টেলিফোন কল করার ক্ষেত্রেও ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
বিবিসি সূত্রে জানা গেছে, যুদ্ধের পরিস্থিতির মধ্যে দেশের অভ্যন্তরীণ তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই মোহাম্মদ রেজা আরেফের এই নতুন পদের প্রধান লক্ষ্য হতে পারে।