তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি সরকারের বাস্তবায়িত প্রকল্পসমূহের বর্তমান অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে সভায় আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি জানান, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি যেমন—শিক্ষা, স্বাস্থ্য, বনায়ন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবার সম্প্রসারণে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের কার্যকর সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা তাসনিম, সিভিল সার্জন ডা. আজিজুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জামালপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মিন্টু, শওকত জামান, শরিফুল ইসলাম ঝোকনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
এ.আই.এল/সকালবেলা