আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন সিভিল ডিফেন্স কর্মীও রয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA)-এর তথ্যমতে, গভীর রাতে দক্ষিণ লেবাননের কফরদুনিন শহরের একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হন। এছাড়া পৃথক ড্রোন হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, নবাতিয়ে (Nabatieh) এলাকায় আহত এক ব্যক্তিকে উদ্ধারের সময় ইসরায়েলি হামলায় সিভিল ডিফেন্সের দুইজন চিকিৎসা কর্মী প্রাণ হারান।
নবাতিয়ে জেলায় দিনভর পরিচালিত বিভিন্ন হামলায় একজন লেবানিজ সেনাসদস্য এবং এক তরুণ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পুরো জেলাজুড়ে ১১টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে কেবল জেবচিত (Jebchit) শহরেই পাঁচবার বোমা বর্ষণ করা হয়েছে।
গত ২ মার্চ থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২,৮৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ অর্থাৎ ১৬ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। যদিও গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে তা ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে, তবুও হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর হামলা ও পাল্টা গুলিবর্ষণের ঘটনা প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। বর্তমানে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা দখল করে লেবানন সীমান্তের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা