আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ-চলাচল নির্বিঘ্ন রাখার আন্তর্জাতিক প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে উচ্চ-প্রযুক্তির নজরদারি বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
বুধবার (১৩ মে) অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে।
এসবিএস নিউজ (SBS News)-এর প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস গত মঙ্গলবার ৪০টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে এক ভার্চুয়াল বৈঠক শেষে ‘বোয়িং E-7 ওয়েজটেল’ (Boeing E-7 Wedgetail) বিমান মোতায়েনের এই ঘোষণা দেন। E-7A ওয়েজটেল বিমানটিকে বিশ্বের অন্যতম আধুনিক আকাশপথ নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হয়।
এর আগে গত মার্চ মাসেও সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য ইরানি হামলা থেকে সুরক্ষা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই বিমানটি ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই বহুজাতিক মিশনের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা।
সূত্র: টিআরটি উর্দু।
এ.আই.এল/সকালবেলা