শতাব্দী প্রাচীন রেললাইন সম্প্রসারণের স্থবিরতা কাটানোর ঘোষণা

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
শতাব্দী প্রাচীন রেললাইন সম্প্রসারণের স্থবিরতা কাটানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ১০৮ বছরের পুরনো জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে দীর্ঘদিনের স্থবিরতা কাটানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

বুধবার (১৩ মে) জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

ডেপুটি স্পিকার বলেন, "এক শতাব্দী আগে যে উন্নয়ন হয়েছিল, এই স্টেশনের সবকিছু যেন সেখানেই থেমে আছে।" তিনি আশ্বাস দেন যে, বর্তমান সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর। তিনি আরও উল্লেখ করেন যে, দুর্গাপুর অঞ্চলের পর্যটন, কৃষি এবং স্থানীয় অর্থনীতির বিকাশে এই রেললাইন সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়িত হলে সীমান্তবর্তী অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, এই রেললাইনটি দুর্গাপুর পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি এবং ভূমি অধিগ্রহণের কাজ চলছে। তিনি এলাকার উন্নয়নে ডেপুটি স্পিকারের উদ্যোগের বিশেষ প্রশংসা করেন। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহকে আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণে অগ্রাধিকার দিচ্ছে।

মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন