ইমাম হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ লাখ ৩২ হাজার ৮০০ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টার দিকে চরপাতা ইউনিয়নের পাটোয়ারীর গলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পাটোয়ারীর গলি এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে তিনজনকে আটক করে। এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন—চরপাতা গ্রামের পলাশ (২৬), রায়পুর পৌরসভার মেহেদী হাসান রবিন (২২) এবং ফরিদগঞ্জ উপজেলার চান মিয়া (৩৮)। পুলিশ জানায়, আটক চান মিয়ার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাঁদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা