মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটায় আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। প্রতি বছরের ন্যায় বৈশাখ মাসের শেষ বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ মেলা চলবে টানা সাত দিন।
এ বছর উপজেলা প্রশাসনের মাধ্যমে মেলার ইজারা সর্বোচ্চ ৬ লাখ ৮৫ হাজার টাকায় নিলাম হয়েছে, যা গত বছর ছিল মাত্র ৭১ হাজার ৭০০ টাকা। ইজারা মূল্যের এই বিশাল ব্যবধানের কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ব্যবসায়ীর অভিযোগ, ইজারার বিপুল অর্থ তুলতে অতিরিক্ত ফি আদায় করায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জমিদার হরি কিশোর রায় চৌধুরীর আমল থেকে শ্রী শ্রী কাল ভৈরবী পূজাকে কেন্দ্র করে এই মেলার প্রচলন শুরু হয়, যা স্থানীয়ভাবে ‘রায় বাড়ির মেলা’ নামে পরিচিত। মেলায় মাটির পুতুল, হাঁড়ি-পাতিল, খেলনা, তৈজসপত্র, কসমেটিকস ও কাঠের সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা ও চরকির আধিক্য দেখা গেছে এবং জায়গার সংকটে অনেক দোকান আশপাশের জমিতেও বসানো হয়েছে।
এই বাড়িতেই ১৮৬০ সালে প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং ১৮৮৭ সালে ছড়াকার সুকুমার রায় জন্মগ্রহণ করেন। বর্তমানে বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সম্প্রতি বাড়ির ধ্বংসপ্রাপ্ত স্থাপনা ও পুকুরঘাট সংস্কার করায় এর সৌন্দর্য বেড়েছে এবং দর্শনার্থীদের সমাগমও বৃদ্ধি পেয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এ.আই.এল/সকালবেলা