চীন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
চীন সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৩ মে) চীনের বেইজিংয়ে পৌঁছেছেন। প্রায় এক দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই চীন সফরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনায় ইরান যুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়াও তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

ওয়াশিংটন ত্যাগের প্রাক্কালে ট্রাম্প জানান, তিনি শি জিনপিংয়ের সঙ্গে ইরানের বিষয়ে দীর্ঘ আলোচনা করবেন। ট্রাম্পের মতে, ইরানের বিষয়ে তাদের কারো সাহায্যের প্রয়োজন নেই এবং যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জয়ী হবে। তা সত্ত্বেও তিনি শি জিনপিংয়ের প্রশংসা করে বলেন, চীন এখন পর্যন্ত এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে ভালো ভূমিকা পালন করেছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীদের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করার বিষয়টি হবে তার আলোচনার প্রথম দাবি। এই সফরে তার সঙ্গে এনভিডিয়ার জেনসেন হুয়াং, টেসলার ইলন মাস্ক এবং অ্যাপলের সিইও টিম কুকের মতো প্রভাবশালী ব্যবসায়ী প্রতিনিধিরা রয়েছেন। বিশেষ করে এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীনে তাদের শক্তিশালী এআই চিপ বিক্রির অনুমতি পেতে বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, বেইজিং সহযোগিতা বাড়াতে এবং দ্বিপাক্ষিক মতপার্থক্য দূর করে বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রস্তুত। বৃহস্পতিবার ও শুক্রবার দুই নেতার মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় ভোজসভা এবং বিশেষ চা চক্রের আয়োজনও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান যুদ্ধের পাশাপাশি তাইওয়ান ইস্যু এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ন্ত্রণে কোনো সমঝোতা আসে কি না, তা এখন দেখার বিষয়।

মন্তব্য করুন