ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ছোচনা গ্রামে একটি নির্মাণাধীন ভবনের বালুর নিচ থেকে রিনা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বালুর নিচে লুকিয়ে রেখেছিল।
নিহত রিনা আক্তার তিন সন্তানের জননী এবং তাঁর স্বামী মোঃ মানিক একজন প্রবাসী। রিনা তাঁর স্বামীর ক্রয়কৃত জমির পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার বিকেলে তাঁকে বাড়িতে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পাশের নির্মাণাধীন ভবনের এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি কাজ শেষ করে চলে যাওয়ার কথা জানান। তবে পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় বালু সরাতে থাকলে ভেতর থেকে রিনার মরদেহ বেরিয়ে আসে।
ঘটনার পর থেকেই ওই নির্মাণ শ্রমিক পলাতক রয়েছেন। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়জুল আজিম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।
এ.আই.এল/সকালবেলা