স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। আহত ওই নেতাকে বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী আবুল খায়ের শেখ কোটালীপাড়া পৌর বিএনপির সহসভাপতি। অন্যদিকে অভিযুক্ত লিয়াকত আলী শেখ কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগী আবুল খায়ের শেখের অভিযোগ, মঙ্গলবার সকালে তিনি শ্রমিকদের নিয়ে নিজের জমির ধান কাটতে যান। এ সময় লিয়াকত আলী শেখ ও তার ভাই কামাল শেখ মিলে তাকে বাধা দেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পাল্টা অভিযোগ করে লিয়াকত আলী শেখ বলেন, ওই জমিটি তারা ৬০ বছর ধরে ভোগদখল করছেন। আবুল খায়ের তাদের বিরুদ্ধে ১০ বছর আগে মামলা দায়ের করেছেন যা বর্তমানে আদালতে চলমান। মামলা চলাকালীন তিনি জমিতে ধান কাটতে আসায় বাধা দিতে গেলে মারামারির ঘটনা ঘটে।

আহত বিএনপি নেতা আবুল খায়ের শেখ জানান, এই হামলার ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন