নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডা. সীমা মালিককে বাংলাদেশে স্বাগত জানান মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, এই সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়বে।
মতবিনিময় সভায় ডা. সীমা মালিক বাংলাদেশের সমসাময়িক নারী আন্দোলনের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পাকিস্তানের সামন্তবাদী ব্যবস্থার কারণে আমাদের দেশে নিজস্ব কোনো শক্তিশালী যুব রাজনৈতিক ইউনিয়ন গড়ে উঠছে না। আপনারা যেভাবে নারীদের মাঝে গ্রহণযোগ্য তৎপরতা চালিয়েছেন, তা প্রশংসার দাবিদার।” বাংলাদেশ সফরের এই অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে লাগবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ডা. হাবিবা চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা খাতুন, মার্জিয়া বেগম, সাঈদা রুম্মান, সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।