নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ‘র্যাবিক্স’ টিকা প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।
জানা যায়, বুধবার (১৩ মে) দুপুরে এক মাস বয়সী শিশু ফাতিহাকে হামের টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার মা মৌ। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না। অভিযোগ উঠেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিয়ম বহির্ভূতভাবে পিআরএলে (অবসরকালীন ছুটি) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে এই টিকা প্রয়োগ করান।
শিশুটির মা মৌ জানান, ভুল টিকা দেওয়ার প্রতিবাদ করায় স্বাস্থ্যকর্মী কাইয়ুম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ভুল টিকা দেওয়ার পর থেকে শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে বলে দাবি করেন তিনি। এই গাফিলতির জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম ভুলবশত এই ঘটনা ঘটেছে বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, চিকিৎসকদের মতে এই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়, তবে শিশুটির পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, বিষয়টি জানার পর তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভুলবশত দেওয়া এই টিকায় দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা কম, তবে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।