এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ফকির আহমেদ নামে এক ব্যক্তিকে ব্যতিক্রমধর্মী শাস্তি দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) শহরের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌধুরী বাড়ির মামুন চৌধুরী ও মুসা চৌধুরীর বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে ফকির আহমেদকে হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা। আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে মারধর না করে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখেন।
এ সময় স্থানীয় লোকজন তাকে কোনো শারীরিক নির্যাতন না করে একটি ভিন্নধর্মী শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেন। শাস্তি হিসেবে তাকে সবার সামনে আজান দিতে বলা হয়। আজান দেওয়ার পর তিনি দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে তওবা করেন।
উপস্থিত লোকজন তাকে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য কঠোরভাবে সতর্ক করে দেন। এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিষয়টি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এই অভিনব শাস্তির বিষয়টি পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ.আই.এল/সকালবেলা