বিনোদন ডেস্ক: জনপ্রিয় কার্টুনিস্ট ও 'গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ'-এর জন্য পরিচিত মুখ মোরশেদ মিশু জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গিনী তাহমিনা শিপা বর্তমানে বিটোপিয়া গ্রুপে ডেটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত।
সম্প্রতি রাজধানীর মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া ও ধর্মীয় পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কোনো ধরনের আড়ম্বর ছাড়াই সাদামাটা আয়োজনে জীবনের বিশেষ এই মুহূর্তটি উদ্যাপন করেছেন এই দম্পতি।
নিজেদের পরিচয়ের গল্পটি বরাবরের মতোই হাস্যরসের সঙ্গে শুনিয়েছেন মিশু। তিনি জানান, তাদের সম্পর্কের শুরুটা ছিল অনেকটা সিনেমার মতো। শিপার অফিসের জানলা দিয়ে প্রথম দেখাতেই মিশু তার প্রেমে পড়ে যান। মিশু বলেন, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার অফিসের নিচে গিয়েছিলাম। ওপরের জানালা দিয়ে আমাকে দেখে শিপা আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল উনি কি মোরশেদ মিশু? যিনি কার্টুন আঁকেন এবং ‘পেটকাটা ষ’ করেছেন? শিপা প্রথমে ভেবেছিল আমি হয়তো অহংকারী হব, কিন্তু পরে কথা বলে ভুল ভাঙে।’
জীবনের এই বিশেষ মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করে মোরশেদ মিশু বলেন, ‘ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমার মনে হয় সবারই উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা, যাতে তারা এই অকৃত্রিম সুখের অভিজ্ঞতা লাভ করতে পারে।’
উল্লেখ্য, মোরশেদ মিশু তার ব্যতিক্রমী কার্টুন এবং সৃজনশীল কাজের মাধ্যমে দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এই নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন তাদের ভক্ত ও অনুরাগীরা।