মো. মোক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের খাবার ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণে ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে কর্মরত শ্রমিকরা যখন খাবার সংগ্রহ করতে জড়ো হচ্ছিলেন, তখন হঠাৎ গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ক্যান্টিনে ছড়িয়ে পড়ে। ওই সময় ক্যান্টিনের ভেতরে অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীরা আগুনের শিখায় দগ্ধ হন।
বিস্ফোরণে দগ্ধ শ্রমিকরা হলেন—মো. মনির হোসেন (৪৫), আল আমিন (৪২), নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩২), রাজিমুল (৩৮), আমির (২৫), সংকর (২৬), কাউসার (৩২), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩৫), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। তাঁদের মধ্যে আমির, সংকর, কাউসার ও আলামিন ওই ক্যান্টিনেই শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ.আই.এল/সকালবেলা