রেকর্ড গতিতে কমছে তেলের মজুদ

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
রেকর্ড গতিতে কমছে তেলের মজুদ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে। এই রুটে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে চরম উদ্বেগ দেখা দিয়েছে, যার ফলে তেলের মজুদ রেকর্ড গতিতে কমছে।

আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে যে হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রভাবে ২০২৬ সালে বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহ ৩৯ লাখ ব্যারেল পর্যন্ত কমে যেতে পারে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ সপ্তাহেরও বেশি সময় পার হলেও সরবরাহ সংকট তীব্রতর হচ্ছে।

২০২৬ সালে দৈনিক তেল সরবরাহ ৩৯ লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পাওয়ার আশঙ্কা। চলতি বছরে বৈশ্বিক তেলের চাহিদা দৈনিক প্রায় ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমতে পারে। চাহিদা কমলেও সরবরাহ ঘাটতির পরিমাণ অনেক বেশি হওয়ায় বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতার ঝুঁকি তৈরি হয়েছে।

আইইএ সতর্ক করে বলেছে যে, তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হওয়ায় এই রুটের অচলাবস্থা কাটানো না গেলে বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন