সৌদি-পাকিস্তান জোটে যুক্ত হচ্ছে তুরস্ক ও কাতার

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
সৌদি-পাকিস্তান জোটে যুক্ত হচ্ছে তুরস্ক ও কাতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ বদলে দিচ্ছে। এই সংকটের মাঝেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দিয়েছেন যে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে তুরস্ক ও কাতারও যুক্ত হতে পারে। বুধবার (১৩ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য প্রকাশ করেছে।

খাজা আসিফ গত সোমবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘কাতার ও তুরস্ক যদি বিদ্যমান এই চুক্তিতে যোগ দেয়, তবে তা অত্যন্ত ইতিবাচক হবে।’ তিনি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমমনা দেশগুলোর মধ্যে একটি বিস্তৃত প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা নিশ্চিত করবে। এই ব্যবস্থার চূড়ান্ত কাঠামো বর্তমানে নির্ধারণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে জ্বালানি নিরাপত্তা ও সমুদ্রপথ নিয়ে উদ্বেগ বেড়েছে। এই সংকটে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে। একদিকে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, অন্যদিকে নিজেদের প্রভাবাধীন আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে প্রতিরক্ষা দেয়াল তৈরির চেষ্টা চালাচ্ছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তির শর্ত অনুযায়ী, যেকোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। গত মাসেও পাকিস্তানের একটি সামরিক দল সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে নিরাপত্তা সমন্বয় জোরদার করতে।

বিশ্লেষকদের মতে, তুরস্ক ও কাতার এই জোটে অন্তর্ভুক্ত হলে এটি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সামরিক ও কৌশলগত জোটে পরিণত হবে। বিশেষ করে তুরস্ক ও সৌদি আরবের সম্পর্কের সাম্প্রতিক উন্নতি এই জোট গঠনকে আরও সহজতর করে তুলছে।

মন্তব্য করুন