আজমিরীগঞ্জে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
আজমিরীগঞ্জে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ইয়াবা বিক্রির সময় কথিত তিন সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসদরের গরুবাজার এলাকায় ‘কালনী নিউজ’ নামক একটি অফিসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—পৌরসদরের শরীফনগর এলাকার ‘কালনী নিউজ’-এর কথিত সাংবাদিক লালন পারভেজ (৩২), একই এলাকার জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী জুমন মোড়ল (৩৫), আজিমনগর এলাকার স্থানীয় পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন (৩৩), আলমগীর মিয়া (৩৬) এবং মাহফুজ মিয়া (৩২)।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন