এআই যা বলবে তা ঠিক করবে কে

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
এআই যা বলবে তা ঠিক করবে কে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বর্তমানে মানুষের তথ্য সংগ্রহের প্রধান মাধ্যম হয়ে উঠছে। তবে এআই যে তথ্য দিচ্ছে তা কতটা নির্ভুল ও নিরপেক্ষ, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মেটার সাবেক নিউজ প্রধান ক্যাম্পবেল ব্রাউন মনে করেন, এআই শিল্প এখনো সত্য ও সঠিক তথ্য নিশ্চিত করার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

ক্যাম্পবেল ব্রাউন বর্তমানে ‘ফোরাম এআই’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বড় বড় এআই মডেলগুলোর তথ্য যাচাই ও মূল্যায়নের কাজ করছেন। বিশেষ করে ভূ-রাজনীতি, মানসিক স্বাস্থ্য, অর্থনীতি এবং নিয়োগ প্রক্রিয়ার মতো সংবেদনশীল বা ‘হাই-স্টেক’ বিষয়গুলোতে এআই কতটা সঠিক উত্তর দিচ্ছে, তা যাচাই করাই তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য।

এই প্রক্রিয়ায় তিনি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের যুক্ত করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্লেষক নিয়াল ফার্গুসন। সাংবাদিক ফরিদ জাকারিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিঙ্কেন। সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি।

ব্রাউনের মতে, বড় এআই কোম্পানিগুলো কোডিং ও গণিতভিত্তিক দক্ষতায় বেশি মনোযোগ দিলেও সংবাদ ও বাস্তবতা যাচাইয়ের মতো জটিল বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী  প্রায় সব এআই মডেলে রাজনৈতিক পক্ষপাতের প্রবণতা দেখা গেছে। গুগলের জেমিনি অনেক সময় অপ্রাসঙ্গিক ক্ষেত্রেও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ওয়েবসাইটকে সূত্র হিসেবে ব্যবহার করেছে। এআই প্রায়ই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ দেয় এবং একপাক্ষিক যুক্তি উপস্থাপন করে।

ফেসবুকে কাজ করার অভিজ্ঞতা থেকে ব্রাউন সতর্ক করেছেন যে, প্ল্যাটফর্মগুলো যদি শুধু ব্যবহারকারীর মনোযোগ বা ‘এনগেজমেন্ট’ বাড়ানোর দিকে নজর দেয়, তবে তা সমাজের জন্য ক্ষতিকর হবে। তিনি আশা করেন, এআই কোম্পানিগুলো শুধু ব্যবহারকারীর পছন্দমতো উত্তর না দিয়ে বাস্তব ও নির্ভুল তথ্যকে অগ্রাধিকার দেবে। বিশেষ করে ব্যাংক বা বিমার মতো খাতে সঠিক তথ্যের প্রয়োজনীয়তা এআই-এর এই পরিবর্তন আনতে বাধ্য করতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন