নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) গতিশীলতা বাড়াতে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বুধবার (১৩ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুদান কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “অর্থনৈতিক খাতের পরম বন্ধু হিসেবে চীন যে বাংলাদেশের পাশে আছে, এই টিকা অনুদানের মাধ্যমে তা আবারো প্রমাণিত হলো।” তিনি আরও জানান, দেশে বর্তমানে পোলিও বা যক্ষ্মার মতো রোগের টিকার কোনো ঘাটতি নেই। সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী জানান, ইতিমধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। দ্রুতই বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে এবং শিগগিরই দেশব্যাপী ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে। ডেঙ্গু ও পোলিওসহ বিভিন্ন রোগ মোকাবিলাকে সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় নিরবচ্ছিন্ন কাজ করার প্রতিশ্রুতি দেন।
সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লি নিং জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রিকোয়ালিফিকেশন প্রাপ্ত এই টিকা বাংলাদেশের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সিনোভ্যাকের পক্ষ থেকে আরও সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিনোভ্যাকের তৈরি মোট ৭৬ হাজার ৬১৬ ভায়াল টিকার চালান ইতিমধ্যে ইপিআইয়ের কেন্দ্রীয় সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে এগুলো বিভিন্ন টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে।