হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাজু সরদার (৪৮), বেলকা ইউনিয়নের মোস্তাফিজুর রহমান (৩৫) এবং মমিনুল ইসলাম (২১)। এছাড়া লাজু সরদারের স্ত্রী হাছিনা বেগম (৩০) ও তাঁর ভাই জাকিরুল ইসলামকে (১৯) আটক করে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লাজু সরদারের চায়ের দোকানে অভিযান চালিয়ে হেরোইনসহ হাছিনা বেগমকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে লাজু ও জাকিরুলকে আটক করা হয়। অন্যদিকে, মধ্য বেলকা গ্রামে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে মোস্তাফিজুর ও মমিনুলকে আটক করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত লাজু সরদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মোস্তাফিজুর ও মমিনুলকে তিন মাস করে কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা